সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেন এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৫৩ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেন জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ৩০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ৮৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।
অপরদিকে, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া নিজ নামের ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৭৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।








