রাজধানীর পল্টন এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ও ছিনতাইকারী মো. লালনকে (৩৪) গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতার লালনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর রাতে পল্টন থানাধীন এরশাদ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া শাখা থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পল্টন থানা পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় শহীদ মতিউর পার্ক এলাকায় জামাল নামে এক ব্যক্তির ওপর গ্রেফতারকৃত লালন ও তার সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে হামলা করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার তিনশত টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। পরবর্তীতে এ মামলার তদন্তকালে আজকে পল্টন মডেল থানার বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেট সংলগ্ন এরশাদ গলিতে থেকে লালনকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত লালন একজন পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারী। পল্টন মডেল থানা এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক বিক্রয় ও ছিনতাইয়ের একাধিক ঘটনার সঙ্গে তিনি ও তার সহযোগীরা জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানা, মতিঝিল থানা, মুগদা থানা ও ডেমরা থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের মোট ২২টি মামলা রয়েছে।









