জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে ডিন নিয়োগের অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে আইন অনুষদের ডিন নিয়োগ দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়।
এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ লিখিত এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবীর ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
গত ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আইন বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য আইন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিন্ডিকেটের ৯৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসনকে গত বছরের ৫ জুন জবি/প্রশা-১০(২)/২০০৭/৫৬৭ সংখ্যক স্মারকের অফিস আদেশের মাধ্যমে আইন অনুষদের ডিন নিয়োগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সঠিকভাবে প্রতিপালিত না হওয়ায় ওই ডিন নিয়োগ বাতিল করা হলো।
পরে এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন নিয়োগ বাতিল হওয়া আইন অনুষদের ডিন অধ্যাপক খ্রিষ্টীন রিচার্ডসন।








