রাজধানীর খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি স মিলের (করাত কল) আগুন পার্শ্ববর্তী একটি গ্যারেজেও ছড়িয়ে পড়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়েছে। এসময় কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও কোনও হতাহতের খবর জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।








