আ.লীগের কার্যালয় পরিষ্কার হচ্ছে কার উদ্যোগে, ‘জানে না কেউ’

আসাদ আবেদীন জয়
২৫ জুলাই ২০২৫, ১৯:৫১ আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:৫৫

রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি বর্তমানে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর দলটির এই কার্যালয় একরকম ভাসমান মানুষের আবাসে পরিণত হয়েছিল। ঘটনার প্রায় এক বছরের মাথায় এসে সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। কিন্তু এই উদ্যোগ কার, তা কেউই নিশ্চিতভাবে জানাতে পারছেন না।

শুক্রবার (২৫ জুলাই) সরেজমিন দেখা যায়, ভবনের সামনে ঝুলছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের একটি ব্যানার। ভেতরে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ওয়াসার একটি দল নিচতলায় জমে থাকা নোংরা পানি সরাচ্ছে, আর ভবনের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছেন।

ভনটি পরিষ্কার করতে কাজ করছেন শ্রমিকরা (ছবি: আসাদ আবেদীন জয়)

ভবনের ভেতর ঘুরে দেখা গেছে, দরজা-জানালা, জানালার গ্রিল, সুইচবোর্ড, বৈদ্যুতিক লাইন, লিফট, এমনকি ফ্লোরের টাইলস—সবই খুলে নিয়ে গেছে কেউ না কেউ। শুধু দেয়ালগুলো অবশিষ্ট রয়েছে।

ওয়াসার পাইপলাইন পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘ওয়াসার অফিসে এনসিপির লোকজন গিয়ে বলেছেন এটা যাতে পরিষ্কার করা হয়। তাই আমরা কাজ করছি। ওয়াসা একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। যেখান থেকেই বলা হয়, ওয়াসা সেখানেই সেবা দেয়।’ তবে এনসিপির কারা অনুরোধ করেছেন—তাদের নাম-পদবি কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, ‘এটার সঙ্গে এনসিপির কোনও সম্পর্ক নেই। সেখানে কী হচ্ছে সেটাও জানি না।’

ভবনের ভেতরে থাকা ময়লা পরিষ্কার করে বাইরে নেওয়া হচ্ছে  (ছবি: আসাদ আবেদীন জয়)

ভবনের ভেতরে কাজ করছিলেন ‘নসু’ নামের এক ভাসমান ব্যক্তি। তিনি বলেন, ‘আগে হাইকোর্ট বা স্টেডিয়ামের সামনে থাকতাম, এখন ১১ মাস ধরে এখানেই থাকি। একসময় এখানে আসলে লাঠি দিয়ে তাড়িয়ে দিতো, এখন আমি এখানে থাকি। সব কিছুই তুলে নিয়ে গেছে মানুষজন—টোকাই, মাদকাসক্ত এমনকি ভদ্রলোকও। আমিও লোহার তার, লক্কর-বাক্কর বিক্রি করেছি।’

তিনি জানান, এখন পরিচ্ছন্নতার কাজও তারাই করছেন। ‘আমার ছেলেও কাজ করছে। আমরা ১২ জন এখানে দৈনিক মজুরিতে কাজ করি। বুধবার থেকে কাজ শুরু হয়েছে। কে কাজ করাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররা করাচ্ছে।’

এ সময় পাশে থাকা চাঁন মিয়া বলেন, ‘এখন ভবনটিতে আর কিছুই নেই। এমনকি লিফটও খুলে ট্রাকে করে নিয়ে গেছে। ধীরে ধীরে সব কিছু খোলা হয়েছে।’

ভেতরে জমা পানি পরিষ্কার করছেন ওয়াসার কর্মীরা  (ছবি: আসাদ আবেদীন জয়)

নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিয়ে উপস্থিত মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভবনটি যেভাবে আছে সেভাবেই থাকুক। যেন ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে না চায়। এটা যেন তাদের জন্য একটি বার্তা হয়।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুন শেখ হাসিনা এই ১০ তলা ভবনটি উদ্বোধন করেছিলেন। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর সময় ভাঙচুর ও আগুনের শিকার হয়। তারপর থেকেই ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।

/এএজে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ছুটির হাওয়া, সড়কে নেই চিরচেনা ব্যস্ততা
শাহজালালে স্টোর বিল্ডিংয়ে আগুন, নেভালেন কর্মীরা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত