নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নম্বর ঢাকের ঢাকেশ্বরি এলাকার একটি বাসায় সংলগ্ন গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সোমবার (২৮ জুলাই) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ এ তথ্য জানান।
দগ্ধরা হলেন– মিশুকচালক মুন্না মিয়া (২৫), তার স্ত্রী কলি খাতুন (২২), তাদের দুই সন্তান কাউসার মিয়া (৫) ও দেড় বছর বয়সী মিনহাজ মিয়া।
হাসপাতালে নিয়ে আসা দগ্ধ কলির ছোট ভাই মো. রায়হান বলেন, রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জানালার পাশে গ্যাস লাইন থেকে বিকট শব্দে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা চার জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ডা. মো. হারুনুর রশিদ বলেন, মুন্না মিয়ার শরীরের ৪২ শতাংশ, কলি খাতুনের ২২ শতাংশ, কাউসার মিয়ার ৪০ শতাংশ এবং মিনহাজ মিয়ার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধদের গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব পাড়া সাদুয়া গ্রামের।









