রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে পড়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাস। এতে বাসটির ওপরের অংশ কিছুটা ভেঙ্গে যায়। কয়েকজন যাত্রী আহতও হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের তেজগাঁও কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি এক্সপ্রেসওয়ের একটি পিলারে ধাক্কা লেগে ওপরের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) অনীশ কীর্ত্তনীয়া বাংলা ট্রিবিউনকে বলেন, “বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচ দিয়ে যাওয়ার সময় পিলারে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।”
ঘটনার পরপরই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসটির উপরের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং পিলারেও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী তানজিদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, “বাসটি র্যাম্পের নিচ দিয়ে যাচ্ছিলো। সজোরে ধাক্কার পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভাগ্য ভালো ছিল, সামনের যাত্রী গুরুতর আহত হননি।”
ঘটনার পর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানা যায়।









