রাজধানীর বনানীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বনানী থানাকে অবগত করা হয়েছে।
জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বাবার নাম মৃত আব্দুল মুন্নাফ।
গত শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে জামাল হোসেনকে গুলি করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল হোসেন ক্লাবের সামনে চা খেতে বের হয়েছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই অজ্ঞাত দুর্বৃত্ত দূর থেকে তার দিকে ফাঁকা গুলি ছোড়ে। একটি গুলি তার ডান চোখের পাশে ও মাথার অংশে বিদ্ধ হয়।
জামালের বড় ভাই সালাউদ্দিন সজল জানান, গুলির শব্দ শুনে লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বজনরা।









