জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকার করার আহ্বান ৩২ নাগরিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ আগস্ট ২০২৫, ১৯:২৩আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৯:২৩

জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ও প্রবাসের ৩২ জন বিশিষ্ট নাগরিক। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতকে প্রকাশ্যে অনুশোচনা ও রাজনৈতিক দায় স্বীকারের আহ্বান জানিয়েছেন।

এতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী দল ছিল জামায়াতে ইসলামী। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্বিচার গণহত্যা, ধর্ষণ, নিপীড়ন, উচ্ছেদের মুখে যখন স্বাধীনতাকামী মানুষ নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেয়; তখন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অখণ্ড পাকিস্তানের পক্ষে সক্রিয় ছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালে দলীয়ভাবে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ার তথ্য-প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে গণহত্যা, উচ্ছেদ, ধর্ষণ, লুটপাটে সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ শাসিত ভারত উপমহাদেশে জমিদার ও অভিজাত শ্রেণির শোষণ, বঞ্চনা থেকে মুক্তি পেতে ইতিহাসের এক সন্ধিক্ষণে বাঙালি মুসলমান তার নিজস্ব ভূখণ্ড বেছে নিতে বাধ্য হয়। তবে পশ্চিম পাকিস্তানি শাসক শ্রেণির অর্থনৈতিক শোষণ, বর্ণবাদী নিপীড়ন, অত্যাচার, গণহত্যা, মানবাধিকার হরণের মুখে আবারও স্বাধীন ভূখণ্ডের দাবি জোরালো হয়ে ওঠে। পৃথিবীর ইতিহাসে অন্যতম বর্বর গণহত্যা ও এথনিক ক্লিনজিংয়ের মুখে নিজেদের অসীম সাহস ও আত্মমর্যাদা নিয়ে এ অঞ্চলের মানুষ অনেক রক্ত, মৃত্যু, সম্ভ্রম, ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা কায়েম করে। 

তারা আরও জানায়, ইতিহাসে দেখা গেছে জনগণের বিরুদ্ধে গিয়ে জামায়াতে ইসলামী অখণ্ড পাকিস্তানের দাবিতে সভা-সমাবেশ করেছে, প্রচার চালিয়েছে। এমনকি ২৫ মার্চ বর্বর গণহত্যার পর পাকিস্তান জান্তার সঙ্গে বৈঠকও করেছে দলটির নেতারা। তাদের দলের নেতা-কর্মীরা পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে রাজাকার, আলবদরসহ বিভিন্ন বাহিনীতে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ, লুণ্ঠন, গণহত্যায় সহযোগিতা করেছে বলে পরিষ্কার তথ্য-প্রমাণ রয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইসলামী ছাত্র সংঘ নাম পরিবর্তন করে ইসলামী ছাত্রশিবির নামে রাজনীতি শুরু করে। তবে তাদের মূল দল জামায়াতে ইসলামী একই নামে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করে আসছে। মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে তারা কখনও ক্ষমা প্রার্থনা, অনুশোচনার প্রকাশ ঘটায়নি। উল্টো বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণের চেষ্টা চালিয়েছে। 

তারা জানায়, স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের প্রথম সারির প্রায় সব নেতাকে অভিযুক্ত করা হয়। যে প্রক্রিয়ায় তখন তাদের বিচার হয়েছে—তা গ্রহণযোগ্য নয়। গুরুতর অভিযোগ রয়েছে, এসব মামলার রায়ে জবরদস্তিমূলকভাবে কারো ফাঁসি অথবা যাবজ্জীবন সাজা হয়েছে। সেই অভিযোগ বিবেচনায়, এসব মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ পুনর্বিচার জরুরি। এটা সবাই জানে যে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত অপরাধকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করেছে। এর সঙ্গে যারা জড়িত, তাদেরও বিচারের আওতায় আনা উচিত। রাজনৈতিক মহলে এটাও প্রতিষ্ঠিত যে, একই সময়ে শাহবাগে জমায়েত তৈরি করে গণজাগরণ মঞ্চ আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের ভিত তৈরি করেছিল। এসব অভিযোগেরও যথাযথ তদন্ত এবং বিচার জরুরি। আমরা মনে করি, বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রিত ছিল সেটা ঠিক। তবে তার মানে এই নয় যে রাজনৈতিক দল হিসেবে জামায়াত বা এ দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিল না। 

আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতার শিকার হওয়া জামায়াতে ইসলামী এবং তাদের কর্মী-সমর্থকদের প্রতি মানুষের সহমর্মিতা ছিল। মহান জুলাই গণঅভ্যুত্থানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন উচ্ছেদ করেছে। সেখানে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও কেউ প্রশ্ন করেনি। তবে সফল অভ্যুত্থানের পর থেকে জামায়াত এবং তার সহযোগী ছাত্রশিবির মুক্তিযুদ্ধে বিরোধিতা করা, গণহত্যাসহ অন্যান্য অভিযোগে ঐতিহাসিকভাবে অভিযুক্তদের রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চাইছে। পাকিস্তানি শাসকরা তখন মুক্তিযুদ্ধের বিরোধিতায় যে ভাষায় কথা বলতো, সেই একই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে আওয়ামী লীগের মতো ‘শাহবাগী’ ইত্যাদি ট্যাগিংয়ের রাজনীতি ফিরিয়ে আনছে।

তাদের এ ধরনের উদ্দেশ্য, তৎপরতা ইতিহাসের সঙ্গে বেইমানি, রাজনৈতিক অসততা। পৃথিবীর ইতিহাসে প্রকাশ্যে ও সংগঠিতভাবে জনগণের মুক্তি সংগ্রামের বিরোধিতা করার পরও কোনও রাজনৈতিক দল অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই অবাধে রাজনীতি করছে—এমন নজির চোখে পড়ে না। শুধু তাই নয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে গণমানুষের উদারতার সুযোগ নিয়ে পাকিস্তান আমলের বয়ান প্রতিষ্ঠার চেষ্টাও চালাচ্ছে জামায়াত। তাদের এ চর্চা জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে মিলে যায়। 

তারা জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নির্মাণের স্বার্থে জামায়াতে ইসলামীর কাছে এ ধারার রাজনীতি বন্ধের দাবি জানান। মুক্তিযুদ্ধে বিরোধিতার রাজনৈতিক দায় শিকারের আহ্বান জানাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কয়েক লাখ মানুষের শহীদি আত্মত্যাগ ও সম্ভ্রমের প্রতি অবশ্যই তাদের শ্রদ্ধাশীল থাকতে হবে বলে অভিমত দেন।

বিবৃতিতে ৩২ জন নাগরিক সই করেছেন। তারা হলেন—

আজফার হোসেন, রায়হান রাইন, জি এইচ হাবীব, আ-আল মামুন, সায়মা আলম, আর রাজী, সায়েমা খাতুন, কাজল শাহনেওয়াজ, ড. মারুফ মল্লিক, রাখাল রাহা, সৌভিক রেজা, গোলাম সরওয়ার, দেবাশীষ চক্রবর্তী, আশফাক নিপুন, মোস্তফা কামাল পলাশ, মোহাম্মদ নাজিমউদ্দিন, গাজী তানজিয়া, এসকে তাসনিম আফরোজ ইমি, তুহিন খান, পারভেজ আলম, চিনু কবির, ফেরদৌস আরা রুমী, বিথী ঘোষ, মোহাম্মদ রোমেল, সাঈদ বারী, মাহাবুব রাহমান, সালাহ উদ্দিন শুভ্র, অর্বাক আদিত্য, আরিফ রহমান, সোয়েব মাহমুদ, অস্ট্রিক আর্যু এবং সাদিক মাহবুব ইসলাম।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন