পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তিন জন সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালত এ সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষীদাতারা হলেন– রাজউকের (এস্টেট ও ভূমি) উপ-পরিচালক মো. মাহবুবার রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী।
দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান লিপন জানান, এই তিন জন তিন মামলায় সাক্ষী। তারা তিন মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন। আগামি ৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
তিনি বলেন, আসামিরা তিনটি হলফনামা দেন। যে হলফনামায় তিনটা তথ্য উপস্থাপন করা হয়েছে। কারণ তাদের ঢাকা শহর এবং এর আশপাশে শহরে ফ্ল্যাট বাড়ি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা রাজউকে পাঠান। সেখান তারা জানিয়েছেন, ঢাকা বা নারায়ণগঞ্জের আশপাশে তাদের কোনও বাড়িঘর নেই বা অন্য কোনও সম্পত্তি নাই। নিজ নামে বা পোষ্যদের নামেও কোনও সম্পত্তি নাই। যেহেতু তাদের সম্পত্তি নাই সেহেতু তারা অসহায়। সম্পত্তি, ফ্ল্যাট ও প্লট দরকার সে কারণে তারা মিথ্যা তথ্য দিয়েছেন।
এর আগে গত ১৩ অগাস্ট এ তিন মামলার তিন বাদী সাক্ষ্য দিয়েছেন।
গত ৩১ জুলাই পৃথক ছয় মামলায় শেখ হাসিনা পরিবারের সাত সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে এ তিন মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
শেখ পরিবার ছাড়া অন্য আসামিরা হলেন– জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনও আইনজীবী দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন না। সে ক্ষেত্রে সাক্ষীদের জেরা করার প্রয়োজন হচ্ছে না।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারি পৃথক ছয় মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।









