রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় পেছন থেকে বাসের ধাক্কায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যাত্রী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাসংলগ্ন ফ্লাইওভারের চিটাগং রোড অংশে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) রমজান আলী হক বলেন, ‘ঘাতক বাসচালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।
নিহতরা হলেন-- অটোরিকশার চালক শহিদুল (৫০) এবং যাত্রী ইমরান (৪৮)। আহত অপর যাত্রী রফিক (৫০) বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক কর্মকর্তা পবিত্র কুমার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিন জনকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফ্লাইওভারের উপরে সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক সেটি মেরামতের চেষ্টা করছিলেন। তখনই পেছন থেকে আল আরাফা নামে দ্রুতগতির একটি বাস এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।








