শেখ হাসিনা, জয়-পুতুলের সঙ্গে সাজা হলো ১৮ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৭ নভেম্বর ২০২৫, ১৪:১৬আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৩৪

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২১ আসামিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিন মামলায় সাজা দিয়েছেন আদালত।

প্রতিটি মামলায় শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর মধ্যে দ্বিতীয় মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তৃতীয় মামলাটিতে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

প্রতিটি মামলায় শেখ হাসিনাকে লাখ করে মোট তিন লাখ টাকা এবং জয়-পুতুলকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

পৃথক তিন মামলায় আসামির সংখ্যা ৪৭। তবে ব্যক্তি হিসাবে আসামির সংখ্যা ২৩। প্রথম মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন।

তিন মামলায় রাজউকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত। সাজা পেয়েছেন ২১ জন। বাকি একজনকে আগেই চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।

দণ্ডিত অন্য আসামিরা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), রাজউকের সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, সাবেক পরিচালক মো. কামরুল ইসলাম, সাবেক উপপরিচালক মো. হাফিজুর রহমান, সাবেক সহকারী পরিচালক হাবিবুর রহমান, সাবেক সহকারী পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলাম ও সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম।

এদের মধ্যে দুই মামলায় সালাহ উদ্দিনের ১২ বছর ও দুই লাখ টাকা জরিমানা; তিন মামলায় শরীফ, শাহিদ এবং ওয়াসীর ১৮ বছর কারাদণ্ড ও তিন লাখ জরিমানা; আনিসুরের তিন মামলায় ১৫ বছর ও তিন লাখ জরিমানা; তিন মামলায় নাসির ও সামসুদ্দিনের ৯ বছর ও ৬০ হাজার টাকা জরিমানা; পূরবী গোলদারের তিন মামলায় তিন বছর ও ২০ হাজার টাকা জরিমানা; দুই মামলায় তন্ময় ও নুরুলের ছয় বছরের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা; এক মামলায় কবির, শাহিনুল ও কামরুলের তিন বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা; এক মামলায় হাফিজুর, হাবিবুর ও মাজহারুলের এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা; তিন মামলায় খুরশীদের তিন বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, এসব মামলায় আত্মসমর্পণ করে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত রবিবার রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সাত সদস্য ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারির ১৪ তারিখ পৃথক মোট ছয়টি মামলা করে দুদক। ছয়টি মামলায় মোট আসামি ৪৭ জন। এই মামলাগুলোর তিনটিতে আজ রায় ঘোষণা করা হলো। বাকি ৩টি মামলায় ১ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে। ওই তিন মামলায় শেখ হাসিনা ছাড়াও শেখ পরিবারের অন্য আসামিরা হলেন-শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের মামলা দায়েরের পর তদন্তের তদন্ত কর্মকর্তা আফনাত জান্নাত কেয়াকে তদন্তের জন্য নির্ধারণ করা হয়। পরে এ তদন্ত কর্মকর্তা চলতি বছর মার্চের ১০ তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ মোট ২৩ জন পৃথক আসামির বিরুদ্ধে তিন মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। ​এরপর ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

অভিযোগ গঠনের পর, মামলার প্রধান অভিযুক্ত শেখ হাসিনাসহ পরিবারের সকল সদস্য এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা আদালতে অনুপস্থিত থাকেন এবং সেই থেকেই তারা পলাতক হিসেবে বিবেচিত হচ্ছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। এরপরে একমাত্র কারাগারে আটক আসামি হিসেবে তিনি নিয়মিতভাবে আদালতের কার্যক্রমে উপস্থিত ছিলেন।

তিনটি পৃথক মামলায় দুদকের তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়াসহ মোট ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন আদালত । তদন্তকারী কর্মকর্তা আদালতে তার সংগৃহীত তথ্য-প্রমাণাদি উপস্থাপন করে দুর্নীতির অভিযোগ প্রমাণের চেষ্টা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তা আফনান জান্নাত কেয়া কে দীর্ঘ সময় ধরে ব্যাপক জেরা করে তার তদন্তের ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করেন।

এছাড়াও আসামিপক্ষের আইনজীবীরা একমাত্র আত্মসমর্পণকারী আসামি খুরশীদ আলমকে শুধুমাত্র হুকুমের গোলাম প্রমাণের চেষ্টা করেন। তারা আদালতে বলেন, তিনি শুধুমাত্র সরকারের চাকরি করতেন। সেখানে তিনি শুধু হুকুম পালন করেছেন।

মামলা তিনটিতে আদালতে ​১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষ মামলাটিকে হয়রানিমূলক দাবি করে করেন । আগামীকাল আদালতের রায়ের মাধ্যমে পূর্বাচল প্লট দুর্নীতির এই পৃথক তিন মামলার আইনি সমাপ্তি ঘটবে বলে আশা করছেন রাষ্ট্রপক্ষ।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, সরকারের প্রধানমন্ত্রী পদে থাকাকালে শেখ হাসিনা তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে নিজেদের নামে প্লট বরাদ্দ নেন। যেখানে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদেরকে প্রভাবিত করা হয় । তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার তিনটি ১০ কাঠার মোট ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন।

/এএসএ/এম/
সম্পর্কিত
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি