সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনে সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মেহজাবিন চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বুধবার সেনা সদর দফতরে এই সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষে বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা চুক্তিতে স্ই করেন। এ সময় বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলক কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালিত রুটের বাইরে থাকা গন্তব্যগুলোতে প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা নেওয়ার সুযোগ পাবেন তারা।
এই ব্যবস্থার ফলে ভ্রমণ ব্যয় কমার পাশাপাশি সেনা সদস্যরা কম খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি বিমান সংস্থার সেবা নিতে পারবেন। পাশাপাশি বিদেশে দায়িত্ব পালন ও মিশন মোতায়েনের ক্ষেত্রে সেনাবাহিনীর গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক পরিচালন সক্ষমতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।








