সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে ফার্মগেট মোড়, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভের কারণে ফার্মগেট, কারওয়ান বাজার, তেজগাঁওসহ সংশ্লিষ্ট এলাকার সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনও দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় সাকিবুল মারা যান। এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও সড়কে নেমেছিলেন। আজ আবার নামলেন।









