রাজধানীর রামপুরা এলাকায় এক ব্যক্তির হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসান ভূঁইয়া (৪৩)। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মিলাকে (২৮) হেফাজতে নিয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই নাসির ভূঁইয়ার অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার ছোট ভাইয়ের স্ত্রী মিলা তাকে হত্যা করেছেন।
তিনি জানান, তার ছোট ভাই ভালোবেসে ছয় বছর আগে মিলাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে হাসানের কোনও যোগাযোগ ছিল না। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গতকাল সকালে জানতে পারেন, হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার গলায় ফাঁস লাগানো থাকলেও হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল। বাসার ছাদের পানির ট্যাংকির পাইপের সঙ্গে গলায় রশি ও হাত বেঁধে হাসানকে তার স্ত্রী হত্যা করেছেন বলে তারা ধারণা করছেন। এই ঘটনায় হাসানের স্ত্রী মিলাকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করেছি।
এ বিষয়ে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আল আমিন বলেন, “মরদেহ উদ্ধারের সময় তার হাত পেছন দিক থেকে বাঁধা ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের বড় ভাই একটি মামলা করেছেন।”
তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”









