ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে। তবে, আপিল নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত তার নির্বাচনী ফলাফল অনিষ্পন্ন থাকবে বলেও আদেশে বলা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি নিয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একইসঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়।
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।









