রাজধানীর শ্যামপুরে ট্রান্সপোর্ট কর্মী মো. গোলাম কিবরিয়াকে (৪৫) ছুরিকাঘাতে আহত করে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। বিষয়টি শ্যামপুর থানাকে অবগত করা হয়েছে।
হাসপাতালে নেওয়া আহতের সহকর্মী মেহেদী হাসান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোড শেখ কামাল স্কুলের সামনে দিয়ে রিকশায় যাওয়ার সময় তিন জন ছিনতাইকারী কিবরিয়ার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে ছুরিকাঘাত করে। তার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
তিনি আরও বলেন, কিবরিয়া বংশাল বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তার বাসা শ্যামপুর আলমবাগ এলাকায়। রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসে। কিবরিয়া সেই মালামাল আনলোড করে গাড়ি ভাড়া দিয়ে পরে রিকশায় বাসায় ফেরার পথে ওই ঘটনার শিকার হন।









