শাহবাগে কয়েক ঘণ্টা ধরে চলা ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনা করে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে যান। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ সড়ক মোড়ে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ডাকসুর নেতৃবৃন্দ আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ কমানোর আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা রাস্তা ছাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শাহবাগ মোড় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব দিকের সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায়ে ভবিষ্যতে আরও সুসংগঠিত কর্মসূচি দেওয়া হবে। তবে আপাতত জনস্বার্থ বিবেচনায় আজকের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
এদিন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এরপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়।
তার আগে দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই সময়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিকেল ৩টা ৫০ মিনিটে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা হন।
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। ছত্রভঙ্গ হওয়া আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।ৎ









