রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণে মো. আজিম পাইক (২৭) নামে ডেইরি ফার্মের একজন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে কোনাবাড়ি মিনি কক্সবাজারের পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে। ওই সময় আজিম গরুর জন্য ঘাস কাটছিলেন। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তার বাম হাত ও বাম হাঁটুর ওপরে স্প্লিন্টার বিদ্ধ হয়। ককটেলটি আগে থেকেই সেখানে ঘাসের মধ্যে পড়েছিল।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা ফার্মের মালিক শফিকুল ইসলাম ছাদেক এসব তথ্য জানান।
আহত আজিম জানান, বাম হাত দিয়ে ঘাস ধরে ডান হাতে কাঁচি দিয়ে কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতে স্প্লিন্টার বিদ্ধ হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শ্রমিকের বার্ন ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার অবস্থা গুরুতর নয়।
আজিম পাইক বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামের আনোয়ার পাইকের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর কোনাবাড়ি এলাকার জোসনা ডেইরি ফার্মে থাকেন।









