সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের তাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, একই কেন্দ্রে ২০১৮ সালে তিনি ভোট প্রদান করতে এসে শোনেন তার ভোট হয়ে গেছে।
অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার সেই আক্ষেপের খণ্ডিত বক্তব্য উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের উদ্দেশ্যমূলক অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে ডিএমপি। পাশাপাশি জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।









