রাজধানীর হাজারীবাগে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হাজারীবাগের কাঁচা বাজার এলাকায় চারতারা ভবনের চার তলায় আগুনের খবর পন তারা। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। তারা চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নির্বাপণ করেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে; যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা আছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। সেহরির আগে ওই ভবনে আগুন লাগে।