রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ভাইয়ের হাতে ভাই হত্যার একমাত্র আসামি খোরশেদ আলম রনিকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব-৩। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শাহ আলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুরিশ সুপার সনদ বড়ুয়া জানান, গত বছরের ১৯ অক্টোবর ফকিরাপুলে টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই বুলবুল আহমেদ রুবেল (৪৯) নিহত হন। ঘটনার পর ছায়া তদন্ত করে অবস্থান শনাক্তের পর আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, খোরশেদ আলম রনি রুবেলের পালিত ভাই। নিহতের মা ছোটবেলা থেকেই রনিকে লালন-পালন করেন। ভুক্তভোগীর মা ও তার পালিত ছেলেসহ তাদের পরিবার দীর্ঘদিন ধরে রাজধানীর ফকিরাপুলে বসবাস করছে।
গত ১৯ অক্টোবর দুপুরে ভুক্তভোগীর ছোট বোন কিস্তির টাকার বিষয়ে আলোচনা করতে বাসায় যান। ওই সময় খোরশেদ ঘুমিয়ে ছিলেন এবং তার ঘুমের সমস্যা হওয়ায় উগ্র আচরণ করেন। পরে রুবেল তার কাছে উগ্র আচরণের কারণ জানতে চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রনি ড্রয়ার থেকে ছুড়ি বের করে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন। রুবেলকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো. আলিফ আহমেদ অনিক বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় খোরশেদ আলম রনির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
র্যাব জানায়, মামলা দায়েরের পর থেকে রনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফকতারের পর তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।









