৭ মার্চ উদযাপনে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে কলাবাগান থানা পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মিছিল ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে মিছিল নিয়ে আসছিলো। ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশের বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় সেখান থেকে চারজনকে আটক করে কলাবাগান থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। পরে আটককৃতদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, “গ্রেফতারকৃতরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে যান। এ সময় তাদের মধ্যে চারজনকে আটক করা হয়েছে। এ চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৭ মার্চ উদযাপিত হতো। প্রতিবছরই নানা কর্মসূচিতে পালিত হতো জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া দিনটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয়।








