ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ১৮:২৬আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৮:২৬

‎এবারের ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ২৮৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

‎সোমবার (৩০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদযাত্রার শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হওয়ার পাশাপাশি এক হাজার ৪৬ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে আটটি দুর্ঘটনায় আটজন নিহত ও ১৯ জন আহত এবং তিনজন নিখোঁজ হয়েছেন।

‎যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বিগত সময়ের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে আট দশমিক ৯৫ শতাংশ। প্রাণহানি আট দশমিক ২৬ শতাংশ এবং আহত ২১ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়েছে।” গণমাধ্যম বিশ্লেষণে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদযাত্রার ১৫ দিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই হাজার ১৭৮ জন ভর্তি হয়েছেন।

‎দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল

‎প্রতিবেদনটি তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, বরাবরের মতো এবারও সড়ক দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ‎এবারের ঈদযাত্রায় ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছে, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ১২ শতাংশ।

‎৭১ চালকের মৃত্যু, পথচারী ৫৪

নিহতদের পরিচয় বিশ্লেষণে প্রতিবেদন বলা হয়, এই সময় সড়কে দুর্ঘটনায় ৭১ জন চালক, ৫৫ জন শিশু, ৫৪ জন পথচারী, ৫১ জন নারী, ৪২ জন শিক্ষার্থী, ১০ জন পরিবহন শ্রমিক, সাতজন শিক্ষক, চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তিনজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, তিনজন প্রকৌশলী, দু’জন সাংবাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন চিকিৎসকের পরিচয় মিলেছে।

‎‎দুর্ঘটনার ৪৩ শতাংশ জাতীয় মহাসড়কে

‎দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট সংঘটিত দুর্ঘটনার ৪৩ দশমিক শূন্য ছয় শতাংশ জাতীয় মহাসড়কে হয়েছে। আঞ্চলিক মহাসড়কে ৩০ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং ফিডার রোডে সংঘটিত হয়েছে ২১ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া সারাদেশে সংঘটিত মোট দুর্ঘটনার চার দশমিক শূন্য চার শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ২৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং শূন্য দশমিক ৫৭ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

‎‘বিশৃঙ্খলা অতীতের তুলনায় বেড়েছে’

মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সরকার শপথ নেওয়ার দু’দিন পরেই রমজান শুরু এবং এক মাসের মাথায় ঈদযাত্রা। নতুন সরকারের ব্যর্থতা খুঁজতে নয় বরং সরকারকে তথ্য দিয়ে সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও ঈদযাত্রায় প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরা হল। সরকার নতুন হলেও পুরোনো আমলা, পূর্বের মাফিয়া নেতাদের অনুসারী বাসা মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের বর্তমান সরকার সর্মথিত নেতাদের চাপে আওয়ামী লীগ সরকারের মত এবারও ঈদ ব্যবস্থাপনা সভায় লাখো যাত্রীদের পক্ষে কথা বলার মতো যাত্রী ও নাগরিক সমাজের কোনও প্রতিনিধি রাখা হয়নি।”

তিনি অভিযোগ করে বলেন, পরিবহন মালিকরা একচেটিয়া সুবিধা নিতে এমন অপকৌশলের আশ্রয় নিচ্ছে দীর্ঘদিন ধরে।

‎যাত্রী কল্যাণ সমিতির সভাপতি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন প্রভাবমুক্ত থাকায় ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছিল যা সর্বমহলে প্রশংসা পেয়েছে। এবারের ঈদে বাস মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা, পরিবহনের বিশৃঙ্খলা অতীতের দুটি ঈদের তুলনায় বেড়েছে।”

এবারের ঈদযাত্রায় সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বাস মালিক সমিতি নিয়ন্ত্রণে এমন অভিযোগ করে তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ।”

/আইএ/এবিএম/
সম্পর্কিত
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
বসুন্ধরা আবাসিকে গাড়ির ধাক্কায় নিহত হলেন সাবেক পুলিশ সদস্য 
বর-কনে নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ২
সর্বশেষ খবর
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা