বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন বা সপ্তাহে দুই দিন হোম অফিস চালুর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্মারক ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন কোনো পত্র জারি করা হয়নি। মন্ত্রণালয় জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু ব্যবস্থা ভাবছে। এর মধ্যে রয়েছে—সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন হোম অফিসের সুযোগ, অফিসের কাজের সময় পরিবর্তন এবং কাজের মোট সময় কমানোর সম্ভাব্য প্রস্তাব।
কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভায় বৈঠকের পর কোন পদক্ষেপ নেওয়া হবে, তা নির্ধারণ করা হবে।
তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে হোম অফিস সংক্রান্ত একটি ভুয়া স্মারক ছড়িয়ে পড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় সতর্ক করলো।









