জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লালবাগে হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আদালতে নিয়ে যাওয়া হবে তাকে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ড. শিরীন শারমিন চৌধুরীকে ডিএমপির লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এই মামলার বাদী মো. আশরাফুল। মামলার অন্য আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও রয়েছেন। শিরীন শারমিন চৌধুরী এই মামলার ৩ নম্বর আসামি।
ডিবিপ্রধান বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। মামলাগুলো তদন্ত চলছে।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সাংবাদিকদের বলেন, শিরিন শারমিনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।









