আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। সেই লক্ষ্যে এই নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার (৬ এপ্রিল) এক চিঠির মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করা হয়।
সংরক্ষিত নারী আসনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সংসদ সদস্যরা। সে হিসেবে ২৯৬ জন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত রেখে আগামী ৯ এপ্রিল নতুন তফসিলের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। এছাড়া, বগুড়া-৬ আসনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দিয়েছেন। আর আইনি জটিলতা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল প্রকাশ করেনি ইসি। অর্থাৎ, বর্তমানে সংসদ সদস্য রয়েছেন ২৯৬ জন।
আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন করতে হয়। এ জন্য আগামী ৮ এপ্রিল তফসিল এবং ১২ মে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদ।
বর্তমানে জাতীয় সংসদে বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপির ছয় জন, জামায়াতের ৬৮জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে দু’টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, এবং খেলাফত মজলিস পেয়েছে একটি করে আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে সাতটি আসন।
আইন অনুযায়ী, কোনও দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।
গতকাল সোমবার ইসি সচিব আখতার আহমেদ জানান, বিএনপির জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবেন।









