চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মুক্ত মঞ্চের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, ‘জামায়াত-শিবির রাজাকার, মিলে মিশে একাকার, গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ছাত্রলীগ গেছে দিল্লিতে, শিবির যাবে পিন্ডিতে’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি, ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতি চর্চা করা হচ্ছে। এই গুপ্তরা শৈশবে জয় বাংলা স্লোগান দিয়েছে নৌকার স্লোগান দিয়েছে পরবর্তী সময়ে আমরা তাদেরই ডাকসুর ভিপি, জগসুর ভিপি হতে দেখেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোনও ক্যাম্পাসে যদি গুপ্ত রাজনীতি করতে চান, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। যারা বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সঙ্গে কোনও আপস নেই। বাংলাদেশের কোনও ক্যাম্পাসে যদি ছাত্রদলের কোনও ভাইয়ের ওপর আক্রমণ করা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়, তাহলে কোনও ক্যাম্পাসে এই গুপ্তদের জায়গা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন– কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, ২ নম্বর যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কানন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীব, দফতর সম্পাদক জামাল খানসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মীরা।