ঢাকা-নারিতা রুটে পুনরায় ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বিমানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত একটি সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময়ে গৃহীত উদ্যোগ নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রতিটি উড়োজাহাজ সংযোজনের পূর্বে রুটভিত্তিক আয়-ব্যয়ের আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চলমান রাখতে হবে।
তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বিদ্যমান পরিকল্পনার আলোকে বর্তমান সরকারের সময়কালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া, তিনি ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা পুনরারম্ভের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









