জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৪ জুলাই ২০২৬, ০১:৫৫আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:০১

বাংলা একাডেমিতে জুলাই আন্দোলন নিয়ে লেখা কবিতা পাঠ করতে গিয়ে নাজেহালের শিকার হয়েছেন কবি মোহন রায়হান। কবিতা পাঠের মাঝপথে তার হাত থেকে মাইক কেড়ে নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক। এ সময় তাকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে বাংলা একাডেমিতে আয়োজিত এক কবিতা পাঠের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কবিতা পাঠের সময় মঞ্চে উঠে আহমেদ ইসহাক মোহন রায়হানের হাত থেকে মাইক নিয়ে বলেন, ‘আজকে থেকে এইখানে এই মোহন রায়হান আওয়ামী লীগের দালালকে বাংলা একাডেমিতে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম।’ এরপর ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায় তাকে।

এ সময় মোহন রায়হান প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কবিতার শেষ শুনতে হবে। এটা আওয়ামী লীগের কবিতা নয়। কবিতার শেষ শুনতে হবে।’

ঘটনার সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। পরে তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মোহন রায়হান কবিতাটি শেষ করেন বলে জানা গেছে।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহন রায়হান দাবি করেন, তার কবিতাটি জুলাই আন্দোলনের বিরুদ্ধে নয়; বরং জুলাই আন্দোলনকে পুঁজি করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের সমালোচনা করেই এটি লেখা।

তিনি বলেন, একটি পক্ষ কবিতার প্রকৃত বক্তব্য তুলে না ধরে এটিকে ‘জুলাইবিরোধী’ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। কবিতার শেষ বক্তব্যই ছিল— ‘জুলাই কখনও পরাজিত হতে পারে না।’

নিজেকে জুলাই আন্দোলনের একজন ‘রাজপথের যোদ্ধা’ দাবি করে মোহন রায়হান বলেন, জুলাই আন্দোলনকে সামনে রেখে মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর যে প্রবণতা তৈরি হয়েছে, তার বিরোধিতা করেন তিনি। তার ভাষায়, মুক্তিযুদ্ধ ও জুলাই—কোনোটিকেই রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হতে দেওয়া উচিত নয়।

অপরদিকে, শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক সাংবাদিকদের বলেন, মোহন রায়হানের আগের কিছু কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে জুলাইপন্থি কবিদের মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল।

তার দাবি, কবিতা পাঠের সময় মোহন রায়হান এমন বক্তব্য দিচ্ছিলেন, যা ‘জুলাইবিরোধী’ এবং ‘আওয়ামী বয়ান’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কারণেই তারা প্রতিবাদ জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘রবীন্দ্র স্মরণ: দ্রোহে, জাগরণে রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানেও আহমেদ ইসহাকের বাধার মুখে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

/এম/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ