‘নোয়াখালীকে বিভাগ ঘোষণা’র দাবিতে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।
এর আগে বিকাল ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকাস্থ নোয়াখালীর বাসিন্দারা। নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো শাহবাগ মোড় অবরোধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এর আগে জুমার নামাজের পর রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে আসেন আন্দোলনকারীরা। এ ছাড়া চকবাজার, মতিঝিল, কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকেও নোয়াখালীর বাসিন্দারা এতে যোগ দেন। নোয়াখালী ও আশপাশের লক্ষ্মীপুর ও ফেনী থেকেও অনেকে বাসযোগে ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
অবস্থান চলাকালে ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত হয়ে ওঠে। সাউন্ড বক্সে গান ও স্লোগানের তালে আন্দোলনকারীদের অনেককে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
অবরোধের কারণে শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ধানমন্ডি এবং শাহবাগ হয়ে গাবতলীসহ বিভিন্ন রুটে গণপরিবহন ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় আশপাশে কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকায় জরুরি সাইরেনযুক্ত অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়কের মাঝ থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।









