বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নানা গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা করা যাত্রীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. রেজাউল করিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস টাইমে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে ওঠানোর চেষ্টা করছি।’
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।