বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। দীর্ঘদিন ব্যবহৃত কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ায় চলাফেরায় ভোগান্তিতে থাকা সাইফুল এখন লাঠির সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করে আসছেন। তিনি অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের পাশে দাঁড়ান।
জানা গেছে, ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় পা হারান সাইফুল ইসলাম। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একপর্যায়ে সেটি অকেজো হয়ে পড়ে। এতে স্বাভাবিক চলাফেরায় আবারও সমস্যায় পড়েন তিনি।
সাইফুলের দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় সাইফুলের জন্য নতুন কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।
নতুন কৃত্রিম পা সংযোজনের পর লাঠির ওপর নির্ভরতা ছাড়াই চলাফেরা করতে পারছেন সাইফুল।