রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি ড. মঈন খানকে হাসপাতালে দেখতে যান।
এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত অবগত হন।
একই সময়ে মন্ত্রীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মন্ত্রীর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুমিল্লার সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম, শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আহসানুল কবীর, শজিমেক ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মেহরাব হোসেনসহ অন্য নেতারা।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা. সাহাব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে উপস্থিত নেতারা মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা, শুভকামনা ও সুস্থতা প্রত্যাশার বার্তা পৌঁছে দেন।
এর আগে আজ দুপুরে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপিকে দেখতে যান। এ সময় তিনি তাঁর চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন এবং শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।