মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৭

মাদ্রাসায় ঘটে যাওয়া শিশু বলাৎকার ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসব অপরাধের বিরুদ্ধে শীর্ষ আলেম ও ধর্মীয় বক্তাদের প্রকাশ্যে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। 

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের আলেম সমাজে অনেক শ্রদ্ধেয় মানুষ আছেন। হজ করতে গিয়ে, নামাজের সময় কিংবা ইসলামী বয়ান শুনতে গিয়ে তাঁদের কাউকে কাউকে কাছে থেকে দেখেছি। আবার মাওলানা আহমাদুল্লাহর মতো কিছু আলেমের মানবিক কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি। 

‘কিন্তু তাঁদের বাইরেও বৃহত্তর আলেম সমাজে বহু মানুষ আছেন (যেমন:  মাদ্রাসার শিক্ষক)। এঁদের কেউ কেউ শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো ভয়াবহ কবিরা গুনাহে লিপ্ত। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সংখ্যা হয়তো কম, কিন্তু একেবারে নগণ্য নয়। তাঁরা দিনের পর দিন এমন জঘন্য পাপ করে চলেছেন, যে ধরনের পাপের কারণে আল্লাহ হজরত লুত (আ.)-এর সময়ের জাতিকে কঠোরতম শাস্তি দিয়েছিলেন।

‘আমার খুব অবাক লাগে যে, এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনও সোচ্চার হতে দেখি না। খাবার, পোশাক, বিনোদন, বাক-স্বাধীনতা— নানা বিষয়েও তাঁরা ফতোয়া দেন। দু-একটি ক্ষেত্রে মব তৈরি করে মানুষকে হত্যা পর্যন্ত করা হয়। অথচ নিজেদের গোষ্ঠীর মধ্যে সংঘটিত বলাৎকার ও ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, জনপ্রিয় ধর্মীয় বক্তা বা হুজুররা কেন সোচ্চার হতে পারেন না?

‘এ দেশে ইসলামবিরোধী নানা ষড়যন্ত্র রয়েছে। আলেম সমাজকে বুঝতে হবে, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার কারণেই তাঁরা এসব ষড়যন্ত্রের মধ্যেও সম্মানের সঙ্গে টিকে আছেন। কিন্তু বলাৎকার ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হয়ে তাঁদের কেউ কেউ বরং অপরাধীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। এটি করলে এসব অপরাধের দায় কোনও না কোনোভাবে তাঁদের ওপরও বর্তাবে। তাঁদের অনেকে ভুল বোঝাবুঝির শিকার হবেন। সামগ্রিকভাবে আলেম সমাজের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা কমে যাবে। এতে বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করে লেখেন, ‘আশা করি, অচিরেই আলেম সমাজের নেতৃত্বের ঘুম ভাঙবে। মাদ্রাসায় বলাৎকার ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ধর্মীয় অনুশাসনের আলোকে কঠোর বক্তব্য তাঁদের কাছ থেকে শুনতে পাবো। অপরাধীদের বিরুদ্ধে তাঁরা নিজেরাই সোচ্চার হবেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন।’ 

/এসটি/ 
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ খবর
মার্কেট-শপিং মল ফিরলো আগের সময়সূচিতে
মার্কেট-শপিং মল ফিরলো আগের সময়সূচিতে
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত: বাসে আগুন, মহাসড়ক অবরোধ
অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে দুজন নিহত: বাসে আগুন, মহাসড়ক অবরোধ
কেনিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
কেনিয়ার কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত