জাতীয় চার নেতার স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় জাদুঘরের ষষ্ঠ তলার ছয় নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে দৃঢ়, সাহসী ও গৌরবদীপ্ত ভূমিকা পালনকারী জাতীয় চার নেতার অবদান স্মরণে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল বলে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে।
১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান।
মফিদুল হক জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি কিছুটা শঙ্কাজনক মনে করায় অনুষ্ঠানটি স্থগিত রাখার অনুরোধ জানায়। সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক বিশেষ প্রদর্শনী হওয়ার কথা ছিল।
এদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ৩ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানটি অনিবার্য কারণে স্থগিত করা হলো।
শেরেবাংলা নড়র থানার ওসি মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। পরে বিষয়টি আয়োজকদের জানানো হলে তারা অনুষ্ঠান বন্ধ করে দেন।’’