কোনও সমস্যা না থাকলে বা দরদামের পাশাপাশি গরুর খরচ ঠিক থাকলে আসন্ন রমজানে মাংসের দাম ৫৫০ টাকার মধ্যেই রাখতে চান মাংস ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।
বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে রমজানে মাংসের দাম নির্ধারণ বিষয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ তথ্য জানান।
মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন ঘোষণা শুনে ভার্চুয়াল সভার প্রধান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করবো। আপনারা কত টাকার মধ্যে মাংসের দাম রাখতে পারবেন তা আজ জানলাম। এখন আমরা আলোচনার মাধ্যমে রমজানের আগেই মাংসের দামের বিষয়ে সিদ্ধান্ত নেবো।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম এ সময় আরও বলেন, রমজানে মাংসের দাম ৫৫০ টাকার মধ্যে রাখতে পারবো আমরা। কেউ এর বেশি দামে মাংস বিক্রি করতে পারবে না রমজান মাসে। দুই একটি দোকান যদি এর চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার চেষ্টা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
মাংসের দাম নির্ধারণ নিয়ে এই ভার্চুয়াল মিটিংয়ে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন ডিএনসিসি সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হকসহ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।








