ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী ও সুইপার নিয়োগকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে একটি জালিয়াতি চক্র। এই চক্রটি চাকরি দেওয়ার নামে এখন পর্যন্ত পাঁচজন ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমন অভিযোগে ভুয়া নিয়োগপত্র দেওয়ার সঙ্গে জড়িত থাকায় এই চক্রের ইয়াসিন বাপ্পি নামে এক ব্যক্তিকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়। সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক জিসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ইয়াসিন বাপ্পি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। স্বল্প শিক্ষিত যুবকদের টার্গেট করে নিয়োগপত্রের মাধ্যমে টাকা আত্মসাৎ করাই তাদের পেশা। প্রথমে ব্যক্তিদের টার্গেট করে পরিচয় হয়। এক পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সুইপার ও পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরি দিতে পারবে এবং সংস্থাটির সচিব থেকে শুরু করে প্রশাসনের সকল কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে; এসব তথ্য দিয়ে লোকজনের কাছ থেকে বিশ্বাস অর্জন করতো। চাকরি দেওয়ার নামে একজনের কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকাসহ এখন পর্যন্ত ৫ জন ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।
এ চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।









