ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ ও পাঁচ দফা দাবিতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এ ছাড়া ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানানোর জন্য ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে যায় সংগঠনটির একটি প্রতিনিধি দল।
সোমবার (১৭ মে) সকালে আগারগাঁও জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি পেশ করে সংগঠনটি।
এরপর আহলে সুন্নাতের প্রতিনিধিদল আক্রমণের শিকার নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানানোর জন্য বারিধারা ফিলিস্তিন দূতাবাসে যায়। ওষুধ কিংবা অন্য কোনও উপায়ে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য আগ্রহ প্রকাশ করে প্রতিনিধি দল।
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান জানান, বাংলাদেশ থেকে ওষুধ কিংবা অন্যান্য সামগ্রী পাঠানোর ক্ষেত্রেও বড় ধরনের আয়োজন করতে হয়। তাই আপাতত সমর্থনই আমাদের বড় উপহার বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তিনি পরবর্তীতে আহলে সুন্নাতের প্রতিনিধিকে জানাবেন বলে আশ্বস্ত করেন। এসময় জাতিসংঘ প্রতিনিধি বরাবর প্রদানকৃত স্মারকলিপির একটা কপিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদি ও আহলে সুন্নাতের নেতা মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আনিসুর রহমান, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা সোলাইমান খান রাব্বানী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মাওলানা আহমাদ রেজা ফারুকী প্রমুখ।








