রাজধানীর মিরপুরের একটি বাসায় বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৯৬ হাজার টাকার জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব ।
গ্রেফতারকৃতরা হলেন ইমাম হাসান সাইফী (৩৭), মো. তৌহিদুল ইসলাম (২৭) ও মো. সাব্বির হোসাইন (২৫) ।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা জাল নোট তৈরির সংঘবদ্ধ চক্রের সদস্য। মিরপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন প্রকার সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন মূল্যমানের জাল নোট তৈরি করে তা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। এ কাজে তারা অত্যাধুনিক কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন, স্ক্রিন প্রিন্ট, ধাতব প্লেট (ডাইস), উন্নত মানের কাগজ, বিভিন্ন প্রকার কালি, বিভিন্ন ধাতব পাউডারসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করত। গ্রেফতারকৃত ইমাম হাসান সাইফী ও মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সন্ধান পাওয়া গেছে।









