রাজধানীর মতিঝিলের কমলাপুরে মেট্রোরেলের সিকিউরিটি গার্ড নয়ন শরীফের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ জুন) রাত পৌনে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিজ উদ্দিন জানায়, আমরা খবর পেয়ে মতিঝিলের কমলাপুরের কবি জসীমউদ্দিন রোডের ৩ নম্বর বাসার একটি রুমের দরজা ভেঙে শরীফ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে আমরা স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। ময়না তদন্তের জন্য লাশ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
নিহতের বাসার মালিক রাকিবুল হাসান খান জানান, চলতি মাসে শরীফ আমার বাসা ভাড়া নিয়েছে। নিহত ব্যক্তি মতিঝিলের মেট্রোরেলের সিকিউরিটি হিসাবে কর্মরত ছিলেন। রাতে খাবার খেয়ে নিজের রুমে দরজা বন্ধ করে দেয়। পরে তাকে ডাকাডাকি করলেও সে দরজা খুলে না। এরপর পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার তাড়াইল গ্রাম। তার বাবার নাম বাবু মিয়া। বর্তমানে মতিঝিলের কমলাপুরের কবি জসীমউদ্দিন রোডের ৩ নম্বর বাসায় ভাড়া থাকতো।







