রাজধানীর কোতোয়ালীতে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ৮টি ওষুধ গোডাউন সিলগালা করে দেওয়া হয়।
শুক্রবার (১০ জুন) রাতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহার কোতোয়ালি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব আদেশ দেন। ভ্রমণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন র্যাব-১০ এর কর্মকর্তারা।
অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করার অপরাধে আত দোহা সার্জিকালকে ৬ লাখ ৬ হাজার টাকা, বাংলাদেশ সার্জিক্যালকে ৬ লাখ ২ হাজার টাকা, অশমী সার্জিক্যালকে ৫ লাখ ৪ হাজার টাকা, রাজিব এন্টারপ্রাইজকে ৪ লাখ ৪ হাজার টাকা, মা ফার্মেসিকে ২ লাখ ২ হাজার টাকা ও শাকিল ব্রাদার্সকে ২ লাখ ২ হাজার টাকা করে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা টাকা দিতে না পারায় দুইজনকে ১ মাস ২২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ৮টি ওষুধ গোডাউন সিলগালা করে দেন এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন অবৈধ ওষুধ ধ্বংস করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহার বলেন, কোতোয়ালী এলাকায় বেশ কয়েকটি চক্র ভেজাল ওষুধ, অনুমোদনহীন ওষুধ মজুত এবং বিক্রি করছে এমন অভিযোগ আমরা পাচ্ছিলাম। অভিযান পরিচালনা করে সে বিষয়টি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ অভিযোগে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অপরাধ করে কেউ পার পাবে না। তাকে আইনের আওতায় আসতে হবে। সাধারণ মানুষকে আরও সচেতন থাকার জন্য আহ্বান জানান এই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।









