রাজধানীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আসতে এখন থেকে সকল কাজে সিটি করপোরেশন যুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (৭ জুলাই) গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে বিমানবন্দর অংশ সড়ক পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, এটা সত্য যে উন্নয়নমূলক কাজগুলোর মধ্যে সমন্বয় নেই। তবে এখন থেকে এটি আর হবে না। শহরের সকল উন্নয়নমূলক কাজে সিটি করপোরেশন ইন্টারফেয়ার করবে। যেমনটা আমরা মিরপুরের মেট্রোরেলের ক্ষেত্রে কিছুদিন আগে বলে এসেছি। উন্নয়ন হলে সুবিধা হবে কিন্তু দুর্ভোগের জন্য মেয়ররা গালি খাবে সেটা হবে না। ট্রেনে করে মানুষ আসবে কিন্তু মানুষ নামার পর চারদিকে কীভাবে যাবে সেই প্ল্যান নেই। এমনটা হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, এখানে জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। তাই আমি এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এখানে সরেজমিনে দেখতে এসেছি। এখানকার প্রকল্প পরিচালকদের জিজ্ঞেস করলাম যে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যে বাস নামবে সেই বাস ঘুরবে কীভাবে? তারা কোনও প্ল্যান দিতে পারলেন না; কোনও নকশা দেখাতে পারলেন না। তারা জানালেন, নকশা এখনও প্রস্তুত হয়নি।
কোরবানির পশুর হাট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, এখন যে অবস্থা সেই অবস্থায় পশুর হাট বসবে কি না সেটা সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে। আমাদের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ রয়েছে।
আসন্ন ঈদুল আজহায় নগরবাসীদের অনলাইনে কোরবানির পশু কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে পশু কোরবানি করে মাংস নগরবাসীদের কাছে পৌঁছে দেবে ডিএনসিসি। আর এক্ষেত্রে অন্তত এক হাজার গরু কোরবানি করে হোম ডেলিভারি করার সক্ষমতা ডিএনসিসির বর্তমানে রয়েছে। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু কোরবানি করে মাংস কেটে ফ্রিজার গাড়ি দিয়ে হোম ডেলিভারি করব।
তিনি আরও বলেন, আমাদেরকে আগে থেকে বুঝতে হবে যে, কতগুলো পশু আমাদেরকে কোরবানি করে হোম ডেলিভারি করতে হবে। তাই আমরা ১০ জুলাই পর্যন্ত বুকিং এর সময় রেখেছিলাম। অনেকেই বলছেন, এটা অনেক কম সময় হয়ে যায়। তাই আমি সময় আরও দুই দিন বাড়িয়ে দিয়েছি অর্থাৎ ১২ জুলাই পর্যন্ত অনলাইনে পশু বুকিং দেওয়া যাবে।
মেয়রের পরিদর্শনকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, মাস র্যাপিড ট্রানজিট, বাস র্যাপিড ট্রানজিট এর প্রকল্প পরিচালকগণ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








