রাজধানীর সেগুনবাগিচায় কুরবান মটরস ওয়ার্কশপ নামের একটি গ্যারেজে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- রাকিব (১৭) ও সিয়াম (১৮)। তারা দুজনই ওই গ্যারেজের গাড়ির রঙের কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহত সিয়ামের চাচা জহির বলেন, তারা গত (৩০ আগস্ট) রাতে কাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে তাদের সহকর্মীরা গিয়ে দেখতে পায় দু'জনই অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দু'জনকেই বেলা ১১টার সময়ে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে স্বজনরা কিছুই বলতে পারছেন না।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।
সিয়ামের বাবার নাম জসিম উদ্দিন, তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই এবং রাকিবের বাড়ি ফরিদপুরের সদরপুর।









