রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে একটি ভাড়া বাসায় হাফিজা নামের একবছরের এক শিশু বালতির পানিতে পড়ে মারা গেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুটির বাবা সুমন হোসেন জানান, বিকালে রুমের মধ্যে সবাই খাচ্ছিলাম। হঠাৎ হাফিজা হাঁটতে হাঁটতে বাইরে যায়। সেখানে পাশেই বাথরুমের বালতির পানিতে পড়ে যায়। কিছু সময় ধরে তার কোনও সাড়া-শব্দ না পেয়ে বাইরে তাকিয়ে দেখি পানি ভর্তি বালতির মধ্যে সে উপুড় হয়ে পড়ে আছে। পরে সেখান থেকে অচেতন অবস্থায় বিকেল পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত হাফিজা শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মগর গ্রামের কাপড় কারখানার শ্রমিক সুমন হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে হাফিজা ছিল ছোট। বাবা-মায়ের সঙ্গে কামরাঙ্গীরচর ভাড়া বাসায় থাকতো সে। পরিবারের সাথে থাকত।









