বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। নতুন এ বছরটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নগরবাসীকে এ শুভেচ্ছা জানান।
এতে মেয়র বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ-বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি।’
নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘আসুন, আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, আমাদের এই প্রাণের শহর, অতি আদরের শহর ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। সবাই মিলে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলবো।’
তিনি আরও বলেন, ‘নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সবাইকে সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনা করি।’









