মিরপুরের ‘রোডসাইড কিচেন’কে একলাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (১১ মে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে দেখা যায়, বেশ কিছু পণ্যের আমদানিকারকের কাগজপত্র নেই, ট্রেড লাইসেন্স, প্রেমিসেস লাইসেন্স নেই, কর্মচারীদের স্বাস্থ্য-সনদ নেই। ফায়ার লাইসেন্স দেখাতেও পারেনি কিচেন কর্তৃপক্ষ। ফ্রিজে লেবেলবিহীন প্রচুর খাদ্যপণ্য মজুত করতেও দেখা গেছে।
এসব অপরাধে ‘রোডসাইড কিচেন’ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর বিধান অনুযায়ী একলাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং অনাদায়ে জেনারেল ম্যানেজারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় ‘রোডসাইড কিচেন’ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, মোড়কীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়।
অভিযানকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার, বিএফএসএ’র অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।








