রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মুসল্লিদের বিক্ষোভ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয়দানকারী এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এনএসআইয়ের সহকারী পরিচালক পদের একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম রুবেল ইসলাম (২৮)।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন মুসল্লিরা। বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশ তাকে আটক করে।
মুসল্লিদের হামলার শিকার মোহাম্মদপুর থানার ওসিমোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, বিক্ষোভ শুরু হওয়ার পর মিছিলের সঙ্গে সঙ্গে হাঁটছিল রুবেল। এ সময় সেখানে থাকা এনএসআইয়ের আসল সদস্যদের তাকে দেখে সন্দেহ হয়। পরবর্তীতে বিষয়টি তারা পুলিশকে জানায়। পুলিশ তাকে জেরা করে, তার কথায় হেরফের পায়। কোনও কথার সঠিক জবাব দিতে পারেনি সে। পুলিশের জেরার মুখে এক পর্যায়ে স্বীকার করে সে ভুয়া এনএসআই সদস্য।
আটক রুবেল নীলক্ষেতের একটি কম্পিউটারের দোকান থেকে এনএসআইয়ের ভুয়া কার্ড তৈরি করে প্রতারণা করে আসছিলেন বলে দাবি করেছে পুলিশ। তাকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে।
রুবেলের বাসা ঢাকা উদ্যান এলাকায়। গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পরিদর্শক কামরুজ্জামান।









