রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও সাদা-কালো প্রিন্টের ফুল শার্ট।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
উদ্ধারকারী পথচারী আশরাফুল ইসলাম সুমন জানান, যাত্রাবাড়ী মোড়ে ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এক যুবক ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে উদ্ধার করে রাত পৌনে আটটায় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








