সড়কে বাসের প্রতিযোগিতা, অক্টোবরে ৭ জনের মৃত্যু

রিয়াদ তালুকদার
২৯ অক্টোবর ২০২২, ২৩:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০০:৩৬

দৈনিক চুক্তির ভিত্তিতে মালিকদের বেঁধে দেওয়া টাকা তোলা, সেই সঙ্গে রাজধানীর যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছানো এবং রাস্তায় যাত্রী ওঠানো-নামানো করাতে গিয়ে প্রতিযোগিতা করছে বিভিন্ন রুটের বাস। প্রতিযোগিতার কারণে অনেক সময় পড়ে গিয়ে মৃত্যু হচ্ছে যাত্রীর। এমনকি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে যাত্রীদের।

এ ছাড়া একই সড়কে দুই বাসের প্রতিযোগিতার কারণে যাত্রী ওঠাতে-নামাতে গিয়েও পথচারীদের চাপা দেওয়া হচ্ছে। এতে নিহত হচ্ছেন অনেকেই। বিভিন্ন সময় এসব বেপরোয়া গতির গাড়ির চালকদের আইনের আওতায় আনা হলেও বন্ধ হচ্ছে না রাজধানীতে বাসের প্রতিযোগিতা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো। এসব বিষয়ের কার্যকরী মনিটরিং না থাকায় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরের শুধু অক্টোবরেই রাজধানীতে বাসের বেপরোয়া গতি ও দুই বাসের প্রতিযোগিতার কারণে প্রাণ গেছে সাত জনের। চালকদের মধ্যে মাদক গ্রহণ ও দ্রুত পৌঁছানোর প্রবণতায় ঘটছে এ ধরনের মর্মান্তিক ঘটনা। বিভিন্ন সময় চালকদের গ্রেফতারের আওতায় আনা হলে বেরিয়ে আসে গাড়ির রুট পারমিট কিংবা চালকের লাইসেন্স না থাকার বিষয়টি। এত নজরদারির পরও কীভাবে রোড পারমিটবিহীন গাড়ি নামছে এবং লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাচ্ছে– এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

যদিও ট্রাফিক বিভাগ বলছে, সড়কে প্রতিনিয়ত গাড়ির কাগজপত্র চেক করা হয়। যখনই কোনও ধরনের অনিয়ম পাওয়া যায়, সে অনুযায়ী মামলা, জরিমানা কিংবা গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে।

গত বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দুই বাসের প্রতিযোগিতার বেপরোয়া গতির এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই নারীর। ২৪ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে দুই বাসের বেপরোয়া গতির কারণে প্রাণ যায় মোটরসাইকেল চালক সালেহুর রহমান। ২৩ অক্টোবর রাতে কাকরাইলে দ্রুতগতির গাড়ির চাপায় নিহত হন এক পথচারী। ২১ অক্টোবর যাত্রাবাড়ীতে সড়কে প্রতিযোগিতা করে আসা বেপরোয়া গতির গাড়ি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গত ১০ অক্টোবর শ্যামপুরের জুরাইনে প্রতিযোগিতা করে আসা একটি বাসের ধাক্কায় নিহত হন ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। ৩ অক্টোবর রাজধানীর গুলিস্তানে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন ৬০ বছর বয়সী এক নারী। এ ছাড়া বাড়তি ভাড়ার বিষয়ে প্রতিবাদ করায় ১৫ অক্টোবর বাস থেকে নামার সময় হেলপার ধাক্কা দেয় এক যাত্রীকে। রাজধানীর যাত্রাবাড়ীতে বাস থেকে পড়ে গিয়ে সেই যাত্রীর মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ জনগণ বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ভুক্তভোগী পরিবারগুলো বলছে, বাসচালকদের বেপরোয়া গতির প্রতিযোগিতা এবং খামখেয়ালির কারণে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সড়কে মৃত্যু ঘটছে। বাসা থেকে বের হয়ে কেউ আবার সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারবে কি না, বিষয়টি নিয়ে শঙ্কায় থাকেন স্বজনরা। এ ধরনের ঘটনা শুধু নিতান্তই একটি দুর্ঘটনা নয়, এগুলোকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিও জানান নিহতের স্বজনরা।

পরিবহন-সংশ্লিষ্টরা বলছেন, বাসের প্রতিযোগিতার কারণে বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে চালকদের প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে। চালকরা মাদকাসক্ত কি না, এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যারা মাদকাসক্ত, তাদের গাড়ি দেওয়া হচ্ছে না। অনেক জায়গায় এখনও চুক্তিভিত্তিক গাড়ি পরিচালিত হচ্ছে, তবে বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। যারা চুক্তিভিত্তিক চালকদের হাতে গাড়ি তুলে দিচ্ছে, তাদের চিহ্নিত করে কথা বলা হচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা ই-টিকিটিংয়ের ব্যবস্থা করেছি। এ ব্যবস্থার কারণে প্রাথমিকভাবে আমরা আটটি পরিবহনকে ই-টিকিটিংয়ের আওতায় নিয়ে এসেছি। আগামী মাসে আরও কয়েকটি পরিবহনকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে। এটি করা সম্ভব হলে সড়কে চালকদের মধ্যে এবং বিভিন্ন পরিবহনের গাড়িগুলোর মধ্যে প্রতিযোগিতা কিংবা রেষারেষি অনেকটাই কমবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. হাদিউজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক নিরাপদ করতে হলে মালিক, যাত্রী, পথচারী ও চালকদের সচেতন হতে হবে। চালকদের ডোপ টেস্টের জন্য যত্রতত্র ব্যবস্থা রাখতে হবে। এতে কেউ যদি মাদকাসক্ত হয়ে গাড়ি চালানোর চেষ্টা করে, তখন সে এ ধরনের কাছ থেকে বিরত থাকবে।’

চালকদের ফোনে কথা বলা, দুই বাসের প্রতিযোগিতার বিষয়গুলো দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব বিষয় যখনই দায়িত্বরত কর্মকর্তারা অবহিত হতে পারছেন, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসস্ট্যান্ড ছাড়াও বিভিন্ন জায়গায় ট্রাফিক সচেতনতার বিষয়ে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।’

/আরকে/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম